ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাবে ভারতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার (১৯ মে) দেশটির তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে।

এর আগে গত শুক্রবার (১৫ মে) একলাফে প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল। মঙ্গলবারের নতুন দাম বৃদ্ধির পর রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৬৪ রুপি এবং ডিজেল ৯১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৫৮ রুপি।

দিল্লির পাশাপাশি মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতেও জ্বালানির দাম উর্ধ্বমুখী। কলকাতায় বর্তমানে পেট্রোলের দাম সবচেয়ে বেশি—লিটার প্রতি ১০৯.৭০ রুপি এবং ডিজেল ৯৬.০৭ রুপি। অন্যদিকে মুম্বাইয়ে পেট্রোল ১০৭.৫৯ রুপি এবং চেন্নাইতে ১০৪.৪৯ রুপিতে বিক্রি হচ্ছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রমাগত লোকসান এড়াতে তেল বিপণন সংস্থাগুলো দীর্ঘ ১০ সপ্তাহ পর ধাপে ধাপে দাম বাড়াতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আগামী দিনগুলোতে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা ভারতের সামগ্রিক মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে।

প্রাইম/বিএম