মক্কার পবিত্র ভূমি মিনা ও মুজদালিফায় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ দুই এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি কম থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পাশাপাশি হাজিদের সরাসরি রোদে চলাচল না করা, তীব্র গরমের সময় তাঁবুর ভেতরে অবস্থান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে হাজিদের ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে সৌদি সরকারের এই সতর্কবার্তার পর বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছে।

প্রাইমটিভঈ/এনজি