চলতি মাসে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল ভারত

ছবিঃসংগৃহীত
ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই মাসে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো। এই তথ্য জানিয়েছে রয়টার্স।
শনিবার (২৩ মে) বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বাড়িয়ে ৯৯.৫১ রূপি করা হয়েছে। ডিজেলের দামও ৯১ পয়সা বাড়িয়ে ৯২.৪৯ রূপি নির্ধারণ করা হয়েছে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরু হলেও, বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারত খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে সবচেয়ে দেরি করেছে।
এই মাসে তিনবার দাম বাড়ানোর ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি বেড়েছে। ১৫ মে ঘোষিত মূল্যবৃদ্ধি ছিল গত চার বছরে ভারতের প্রথম জ্বালানি মূল্য সমন্বয়।
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো একবারে না বাড়িয়ে ধাপে ধাপে খুচরা দামে বাড়াচ্ছে। ২০২২ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরও একইভাবে তেলের দাম বাড়ানো হয়েছিল।
ভারতের প্রধান বিরোধী দলগুলোর অভিযোগ, সম্প্রতি শেষ হওয়া কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয় ও রাজনৈতিক ফায়দা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এতদিন তেলের দাম বাড়াতে দেয়নি। নির্বাচন শেষ হতেই সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে।
ভারত পেট্রোলিয়ামের চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমান বাড়তি দামেও তাদের প্রতি লিটার ডিজেলে ২৫ থেকে ৩০ রূপি এবং প্রতি লিটার পেট্রোলে ১০ থেকে ১৪ রূপি পর্যন্ত লোকসান হচ্ছে।
ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেল শোধনাগারগুলো সচল রাখতে সরকার কোনো আর্থিক প্রণোদনা বা ভর্তুকি দেবে না।
উল্লেখ্য, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম । এই তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যৌথভাবে ভারতের ১ লক্ষ ৩ হাজার জ্বালানি স্টেশনের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে এবং সাধারণত একসঙ্গে তেলের দাম নির্ধারণ করে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









