রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাওয়ায় জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

গত বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। দেশের কিছু শহর ও গ্রামে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছে।

পর্তুগালে টানা চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দেশটির ছয়টি জেলায় ইতোমধ্যে তাপজনিত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনে মূলত উত্তর উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোতে তাপপ্রবাহের প্রভাব বেশি দেখা যাচ্ছে। কয়েক দিন ধরে এসব এলাকায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি অস্বাভাবিক এবং সপ্তাহজুড়ে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই।

যুক্তরাজ্যেও একই ধরনের তাপপ্রবাহ চলছে। গত কয়েক দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপ সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত। বিশেষ করে মে মাসে এই অঞ্চলে তাপমাত্রা সাধারণত ২০ ডিগ্রির ওপরে খুব কমই ওঠে।

এর আগে ১৯২২ সালের মে মাসে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা এতদিন পর্যন্ত মে মাসের সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত ছিল।

প্রাইমটিভি/এনজি