প্রেমিকের সঙ্গে ক্যাফেতে বসে বাগদত্তাকে হত্যার ছক কষেন তরুণী

বাগদত্তাকে হত্যার ছক কষেন তরুণী । সংগৃহীত
বিয়ের চার মাস পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তার আগেই হবু স্বামীকে খাদে ফেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক তরুণী ও তার প্রেমিক। ভারতের মহারাষ্ট্রের পুনেতে চাঞ্চল্যকর এ ঘটনা সামনে আসার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত কেতন আগারওয়ালের বয়স ২৬ বছর। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া গোয়ালের সঙ্গে তার বাগদান হয়। আগামী নভেম্বরে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
তদন্তে উঠে এসেছে, বাগদত্তা সিয়া গোয়াল গোপনে প্রেমিক চেতন বাবুলাল চৌধুরীর সঙ্গে মিলে কেতনকে হত্যার পরিকল্পনা করেন। অভিযোগ রয়েছে, কয়েক দফা ব্যর্থ চেষ্টার পর গত ১৮ জুন মহারাষ্ট্রের লোহাগড় দুর্গ এলাকায় ট্রেকিংয়ের সময় কেতনকে গভীর খাদে ফেলে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, এর আগে অন্তত একবার পাহাড়ের কিনারা থেকে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা করা হলেও কেতন প্রাণে বেঁচে যান। তখন ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেন সিয়া।
তদন্তকারীরা জানান, হত্যার দিন সকালে একটি ক্যাফেতে বসে পরিকল্পনা চূড়ান্ত করেন সিয়া ও চেতন। পরে সিয়া কেতনকে নিয়ে দুর্গ এলাকায় যান। একই সময়ে পরিচয় গোপন করে তাদের অনুসরণ করেন চেতন।
ঘটনার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিসিটিভি ফুটেজ। সেখানে হুডি পরা এক ব্যক্তিকে দম্পতির পিছু নিতে দেখা যায়। প্রযুক্তিগত বিশ্লেষণ ও মোবাইল ফোনের তথ্য যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, ওই ব্যক্তি ছিলেন চেতন বাবুলাল চৌধুরী।
তদন্তে আরও জানা গেছে, গত সাত মাসে সিয়া ও চেতনের মধ্যে দুই হাজারের বেশি ফোনকল হয়েছিল। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই তারা হত্যার পরিকল্পনা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, পরিবারের অসম্মানের আশঙ্কায় বাগদান ভেঙে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে চাননি সিয়া। এর পরিবর্তে কেতনকে সরিয়ে দেওয়ার পথ বেছে নেন তারা।
ঘটনার পর শোক প্রকাশ করলেও তদন্তে সিয়ার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সিয়া গোয়াল ও চেতন বাবুলাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত চলছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








