লিবিয়া থেকে ফিরেছে ১৭০ বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত
সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বুধবার (২৪ জুন) ভোর ৫টা ২০ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়েছে। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান।
মঙ্গলবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন এবং অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন।
এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন থেকে বিরত থাকতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথ খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




