শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

ছবিঃ সংগৃহীত
গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি রেস্টুরেন্টে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গণপিটুনির হাত থেকে আমির উদ্দিন (৪০) নামের অভিযুক্ত এক রেস্টুরেন্ট কর্মচারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাঁধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এই ঘটনা ঘটে।
আটক আমির উদ্দিন সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টটিতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। বুধবার দুপুরে রেস্টুরেন্টের ভেতরে স্থানীয় এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টা চালায় কর্মচারী আমির উদ্দিন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে শতাধিক ক্ষুব্ধ মানুষ সেখানে জড়ো হয়ে রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও উত্তেজিত জনতার বাঁধার মুখে তারা সেখানে পৌঁছাতে পারেননি। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন জানান, স্থানীয়দের তীব্র প্রতিরোধের কারণে তারা বাধ্য হয়ে ফিরে আসেন। ফলে রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত আমির উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জনতা হোটেলটিতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত কর্মচারীকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি রেস্টুরেন্টটিকে কেন্দ্র করে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




