ভারতের রাজধানী দিল্লিতে পরিবারের পাশে ফুটপাতে ঘুমিয়ে থাকা ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৩ জুন) গভীর রাতে দক্ষিণ দিল্লির একটি ফুটপাতে বাবা-মা ও তিন ভাইবোনের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশুটি। এ সময় অ্যাপভিত্তিক ক্যাবচালক অভিযুক্ত বাবলু সেখানে গাড়ি থামিয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় শিশুটি ‘বাবা আমাকে বাচাও’ বলে চিৎকার দেয়। তখনই শিশুটির বাবা গাড়িটির পেছনে ধাওয়া করলেও অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ কন্ট্রোল রুমে খবর দিলে সিসিটিভি ফুটেজ, জিপিএস তথ্য এবং রাইড-শেয়ারিং অ্যাপের ট্রিপ ডেটা বিশ্লেষণ করে চার ঘণ্টার অভিযানে পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকা থেকে বাবুলকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার ভাষ্য অনুযায়ী, অপহরণের পর শিশুটিকে গুরুগ্রাম-ফরিদাবাদ সড়কের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে সে স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন চালিয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিহারের বাসিন্দা বাবলুর বিরুদ্ধে আগে থেকেই মারামারি ও হামলার পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় অপরাধমূলক অতীত থাকা একজন ব্যক্তি কীভাবে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবায় চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তা তদন্তে সংশ্লিষ্ট রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ।

প্রাইমটিভি/এমএইচ