কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

ছবিঃ সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এ ধরনের কোনো বৈঠকের সূচি নির্ধারিত হয়নি। তবে কাতারের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। প্রথম দিকে এই আলোচনার মূল বিষয় পরমাণু কর্মসূচি থাকলেও, বর্তমানে হরমুজ প্রণালির উত্তেজনা কমানোকেই প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। সমঝোতা স্মারকের সূত্র দিয়ে ইরান দাবি করছে, যেকোনো পরিস্থিতিতেই এই প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় এই পথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ থাকুক। তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, ইরান সাধারণত শেষ মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তাই পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে।
বর্তমানে নতুন আলোচনায় বসার আগে ইরান কিছু শর্ত জুড়ে দিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে এবং ইসরাইল দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরান চায়, নতুন আলোচনার আগে সমঝোতা স্মারকের ধারাগুলো, বিশেষ করে প্রথম ধারার যুদ্ধবিরতি এবং পঞ্চম ধারার জাহাজ চলাচল ব্যবস্থাপনার কর্তৃত্ব ইরানকে দেওয়ার বিষয়টি পুরোপুরি বাস্তবায়ন করা হোক। ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন নৌপথ তৈরির চেষ্টারও বিরোধিতা করছে তেহরান।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








