ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটি। রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ভোর থেকেই ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত মানুষের ভিড়ে পরিণত হয়। সকালজুড়ে দলে দলে মানুষ অনুষ্ঠানে যোগ দেন এবং শেষ শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত, চিকিৎসা, খাবার ও বিশ্রামের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তার দাফনকে ঘিরে শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে উত্তোলন করা হয়েছে।

‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখর ছিল শোকানুষ্ঠান। তেহরানে খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বড় প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছে। শনিবার ভোর থেকেই হাজার হাজার মানুষ দাফন অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হন।

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে রাজধানীর কয়েকটি মেট্রো স্টেশনে জনতাকে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরাইলের ধ্বংস হোক’ স্লোগান দিতে দেখা গেছে।

সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের আশপাশে সাঁজোয়া যান, ভারী মেশিনগান এবং স্নাইপার মোতায়েন রাখা হয়েছে।

প্রাইমটিভি/এনজি