বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এই তথ্য জানান।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মামলার বিস্তারিত হিসাব তুলে ধরেন। যেখানে, মোট মামলা ১৮৫৫টি, হত্যা মামলা ৭৯৯টি, অন্যান্য ধারার মামলা ১০৫৬টি, চার্জশিট দাখিল ১৫৮টি মামলায় (হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য ১১০টি), তদন্তাধীন মামলা ১৬৯৭টি।

আইনমন্ত্রী জানান, বিপুলসংখ্যক মামলার তদন্ত প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ কাজ করছে। প্রতিটি মামলায় সঠিক সাক্ষ্য প্রমাণ নিশ্চিত করা হচ্ছে যাতে বিচারে কোনো আইনি দুর্বলতা না থাকে। আসামিদের জামিনের বিষয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার হলেও রাষ্ট্রপক্ষ প্রতিটি ক্ষেত্রে সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছে।

তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের নামে কতটি মামলা হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট পরিসংখ্যান নেই বলে জানান মন্ত্রী। কিন্তু এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য উল্লেখ করেন তিনি।

বিএনপির দেওয়া তথ্য, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এজাহারে সাধারণত অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না, তাই সঠিক পরিসংখ্যান নিরূপণ করা কঠিন। তবে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার বিগত আমলের নৃশংস অপরাধের শিকার পরিবারগুলোকে ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।