যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে দুটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলোতে দেখা যায়, যশোরের বকুলতলা এলাকায় যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়েছে। মিছিলে ভারত অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা মামলা প্রত্যাহার এবং আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে যশোর জেলা যুবলীগের সদস্য জাহিদুর রহমান লাবু এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

পুলিশি অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সৈয়দ তৌফিক জাহান (কাজীপাড়া), শফিকুল ইসলাম সুজন (কাজীপাড়া), বাবলু শেখ (কাজীপাড়া), সোহান হোসেন (কাজীপাড়া), আনোয়ার হোসেন বাবু (ষষ্টিতলা)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে গোপন তৎপরতা চালাচ্ছিলেন। যুবলীগের ওই মিছিলে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। "নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল ও নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।"

বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।