চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। শনিবার (২ মে) সকাল ১০টার পর আকন্দবাড়ীয়া আবাসন সংলগ্ন বটতলার কাছে ফলক উন্মোচন করে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

কাজের উদ্বোধনের পর তিনি বলেন, 'এই সড়কগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চলাচলের অযোগ্য থাকায় ভোগান্তির কারণ ছিল,যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে'।

চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আকতার হোসেন জানান, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উজলপুর নীলমারি পাকা সড়ক-আকন্দবাড়ীয়া আর এ্যান্ড এইচ সড়ক উন্নয়ন কাজের বাস্তবায়ন করবে এলজিইডি। সড়ক দুটির দৈর্ঘ্য ১২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। এ কাজটি বাস্তবায়ন করার জন্য মেসার্স ওয়াহেদ হোসেন এন্টারপ্রাইজের সঙ্গে এলজিইডি চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চ মাসে এ কাজটি শেষ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।