ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামের কারণে প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ মে (শনিবার) সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, গত ২৮ এপ্রিল ৯ মাস বয়সী শিশু রাফসান হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বলিয়া গ্রামের হৃদয় মিয়ার সন্তান।

মৃত্যু সনদ অনুযায়ী, হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের জটিলতা ছিল তার।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারের প্রবণতা হামের উপদ্রব বাড়ার অন্যতম কারণ। তারা আতঙ্কিত না হয়ে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।