সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ কোর্টের প্রধান ফটকে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)-এর আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

এ মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চলে। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুপ্রিম কোর্টের আদালতকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা অযৌক্তিক ও অগণতান্ত্রিক।’ তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদিকদের আদালতের কার্যক্রম কাভার ও সংবাদ প্রকাশের সুযোগ দেয়ার আহ্বান জানান।

এ সময়, এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা বলেন, ‘গত ৭ জানুয়ারি থেকে সাংবাদিকদের আদালতকক্ষে প্রবেশ করতে না দেয়ায় তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।’ দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে সাংবাদিকরা সংবাদ বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন। এ সময় এসআরএফের সাধারণ সম্পাদক মাহেদী হাসান দালিম ও নির্বাহী সদস্য মাজহারুল হক মান্না বক্তব্য দেন।