ঢাকাসহ ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত
ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলে আজ (০৪ মে) ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একইসঙ্গে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নৌপথে চলাচলকারী যানবাহনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝড়-বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








