মেয়র হলে ‘আম কার্ড’ দেবেন বিএনপি নেতা

ছবি- সংগৃহীত;
অনলাইন আম কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিদ্যমান আস্থার সংকট নিরসনে এক অভিনব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক (ভেড়ী)। মেয়র নির্বাচিত হলে তিনি অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) এক সাক্ষাৎকারে আশরাফুল হক জানান, বর্তমানে আম কেনাবেচার বড় একটি অংশ অনলাইনে সম্পন্ন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতারা অগ্রিম টাকা পাঠাতে প্রতারণার ভয়ে দ্বিধাবোধ করেন। এই কার্ডধারী বিক্রেতাদের পৌরসভার একটি নির্দিষ্ট নিবন্ধিত কাঠামোর আওতায় আনা হবে। ফলে ক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন এবং বিক্রেতাদের গ্রহণযোগ্যতাও বাড়বে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্লগারের সাথে আশরাফুল হকের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে তিনি এই আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আগামী রহনপুর পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
রহনপুরের আমের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আম আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মানুষের অনেক স্বপ্ন জড়িত। মেয়রের দায়িত্ব পেলে আমের আধুনিক বাজারজাতকরণ ও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয় আম ব্যবসায়ীরা মনে করছেন, এই ‘আম কার্ড’ ধারণাটি বাস্তবায়ন করা গেলে অনলাইনে আমের বাজার আরও প্রসারিত হবে এবং জালিয়াতি রোধ করা সম্ভব হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








