রূপগঞ্জে পুলিশের ওপর হামলা- হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ১২

ছবি- সংগৃহীত;
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডজনখানেক মামলার পলাতক আসামি ও যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রূপগঞ্জ থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫’টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার আসামি শামীম মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। শামীম রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও স্থানীয় দুর্বৃত্তরা রাম দা, রড ও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি ওয়াকি-টকি, দুটি মোবাইল এবং হাতকড়াসহ আসামি শামীমকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় আহত পুলিশ সদস্য’রা হলেন, এএইচএম সালাউদ্দিন (ওসি, রূপগঞ্জ থানা), এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আসামি ছিনতাই ও হামলার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গোলাম কিবরিয়া, দাদন মিয়া ও ইমরান হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় এসআই ইউনুস আলী খান বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মালামাল ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামি শামীমকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








