বেরোবি'তে সংবাদ সম্মেলনে ছাত্রদলের হামলা

ছবি- সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর পদত্যাগের দাবিতে ডাকা সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে মব করে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলন পণ্ড করে দেয় এবং আয়োজক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে।
আয়োজক শিক্ষার্থীদের ভাষ্যমতে, উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকদের রক্ষা এবং ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে ব্যর্থতার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। দুপুর ২টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম সংবাদ সম্মেলন শুরু করতে চাইলে প্রক্টর ফেরদৌস রহমান সেখানে এসে অনুমতির প্রশ্ন তোলেন। প্রক্টর দাবি করেন, উপাচার্য কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। সিয়াম পাল্টা যুক্তি ও অনিয়মের তথ্য তুলে ধরলে সেখানে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে হট্টগোল শুরু করে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে আয়োজক শিক্ষার্থী সিয়ামের কলার ধরা এবং গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। সিয়ামের দাবি, প্রক্টরের প্রত্যক্ষ নেতৃত্বে ছাত্রদল তাকে ছাত্রলীগ কর্মী তকমা দিয়ে হেনস্তা করেছে যাতে ভিসির অনিয়মগুলো চাপা পড়ে যায়। তবে ছাত্রদল নেতা রিফাত রাফি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিয়াম ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে প্রক্টর ফেরদৌস রহমান জানান, তিনি কেবল শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলেন, তবে এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। সংবাদ সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে এবং রাজনৈতিক তকমা দিয়ে ন্যায়সঙ্গত দাবিগুলো দাবিয়ে রাখার অপচেষ্টা চলছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








