ভারতে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন নিরীহ মানুষের ক্ষতি না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম করা হলে আমরা তার বিপক্ষে থাকবো। যে স্থানেই হোক, সবসময় মজলুমের পক্ষেই থাকবো আমরা।”

তিনি আরও বলেন, কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে যেন কারও ক্ষতি না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, আট দিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সহযোগিতা বাড়াতে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।