স্বামীর জামিন ঘোষণায় স্ত্রীর বিষপান, আদেশ স্থগিত আদালতের

ছবি- সংগৃহীত;
ফেনীর ফুলগাজী আমলী আদালতে দাম্পত্য কলহ ও স্বামীর নির্যাতনের প্রতিকার না পেয়ে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা (২০) নামে এক গৃহবধূ। রোববার (১০ মে) দুপুরে আদালত চলাকালীন এই নজিরবিহীন ঘটনা ঘটে। ঘটনার পরপরই আদালত অভিযুক্ত স্বামী আকবর হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার তাহমিনা আক্তার মোহনার সঙ্গে ফুলগাজীর বিজয়পুর গ্রামের আকবর হোসেনের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। মোহনার অভিযোগ, তার স্বামী একাধিক বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর প্ররোচনায় তার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এই নির্যাতনের বিচার চেয়ে মোহনা স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রোববার মামলার ধার্য তারিখে আসামি আকবর হোসেন স্থায়ী জামিনের আবেদন করলে মোহনা এর তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতকে জানান, তার স্বামী তাকে গ্রহণ করতে চান না এবং সৎ সতীনের নির্যাতনে তিনি অতিষ্ঠ। শুনানির একপর্যায়ে মোহনা চিৎকার করে বলেন, "আজ যদি সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাবো।" এর পরপরই তিনি নিজের সঙ্গে রাখা বিষপান করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন তাৎক্ষণিকভাবে আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করেন এবং তাকে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মোহনা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের তত্ত্বাবধানে থাকা ডা. রুবাইয়াত বিন করিম জানান, রুগী’কে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








