সাংসদরা আশ্রয়-প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব: জামায়াত আমির

জামায়াত আমির । ছবিঃ সংগৃহীত
দেশের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আগে থেকেই বাজার অস্থির ছিল, তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জ্বালানি সংকটের সঙ্গে চাঁদাবাজির চাপ যুক্ত হয়ে বাজার ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণেই চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। তার ভাষায়, “সংসদের ৩০০ সদস্য যদি সিদ্ধান্ত নেন দেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ চাঁদাবাজির সাহস পাবে না। কিন্তু তারাই যদি আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে এটি বন্ধ করা অসম্ভব।”
বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের জন্য নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে সংসদে এবং সংসদের বাইরেও বিরোধী দল সোচ্চার থাকবে।
এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








