অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে খাগড়াছড়িতে হামলার শিকার ইউএনও

ছবিঃসংগৃহীত
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে প্রশাসনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে প্রশাসন বালু উত্তোলনে ব্যবহৃত ছয় থেকে সাতটি সেলো মেশিন ও বালু পরিবহনের পাইপ ধ্বংস করে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযানের সময় কৃষিজমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত কিছু সেলো মেশিন ও পাইপও ভাঙচুর করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে প্রশাসনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট-পাটকেলে ইউএনও কাজী শামীমসহ অভিযানে অংশ নেওয়া ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা শর্টগান থেকে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে স্থানীয় চারজন আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন ইউএনও কাজী শামীম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব জুয়েল, আনসার সদস্য মো. নুর মোহাম্মদ, উপজেলা প্রশাসনের কর্মচারী মো. জয়নাল আবেদীন, ইউএনওর গাড়িচালক মো. কামাল হোসেন ও এপিসি সদস্য মো. সালাউদ্দিন। স্থানীয় আহতদের মধ্যে রয়েছেন মো. আজাদ, সুমন, নূর হোসেন ও আবুল হাশেম।
পরে আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।
আহত আবুল হাশেম অভিযোগ করেন, সেচ মেশিন ও পাইপ ভাঙচুরের প্রতিবাদ জানাতে গেলে আনসার সদস্যরা গুলি ছোড়ে। এতে তারা আহত হন।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি ইউএনও কাজী শামীম।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








