দালালের ফাঁদে ৪৮ লাখ খরচ করেও বাঁচানো গেল না তছিরকে

ছবিঃ সংগৃহীত
ইতালিতে গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন তছির ফকির (৪২)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তছির ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। মঙ্গলবার (১২ মে) রাতে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।
পরিবারের দাবি, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় দালাল রফিকুল ইসলাম বাঘা তাদের কাছ থেকে মোট ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়। জমি বিক্রি ও ঋণ করে এই অর্থ জোগাড় করা হয় বলে জানান স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে চায়ের দোকানে কাজ করা তছির ফকির উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যান। সেখানে পৌঁছানোর পর তাকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় এবং নির্যাতনের মাধ্যমে দফায় দফায় টাকা আদায় করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বলেও জানায় পরিবার।
নিহতের ভাই শাহীন ফকির বলেন, দালালের প্রলোভনে পড়ে তার ভাই বিদেশে যান এবং পরে লিবিয়ায় মারাত্মক নির্যাতনের শিকার হন। শেষ কয়েকদিন পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। পরে স্থানীয়ভাবে মৃত্যুর খবর জানতে পারেন তারা।
তিনি আরও জানান, এখন তাদের একমাত্র দাবি—ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দালাল চক্রের বিচার নিশ্চিত করা।
এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, এখনো পর্যন্ত পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন পাওয়া যায়নি। তবে মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর রাজৈর থানা পুলিশ দালাল চক্রের বিষয়ে খোঁজখবর শুরু করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








