রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের জন্য সমীক্ষা ও যাচাইসহ আনুষঙ্গিক কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যে সময় প্রয়োজন, তা দিতে হবে এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পরই কাজ শুরুর সুনির্দিষ্ট সময় জানানো যাবে।

বুধবার নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রেললাইন সম্প্রসারণের দাবিকে ইতিবাচকভাবে বিবেচনা করছেন এবং বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, এই অঞ্চলে সীমান্ত সড়কে জলবায়ু সহিষ্ণু সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একইভাবে জারিয়া থেকে দুর্গাপুর রেললাইন প্রকল্পও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

দেশের স্থিতিশীলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে যাতে কেউ দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে এবং উন্নয়ন ও গণতন্ত্র বাধাগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পাঁচ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

সভায় শিক্ষক, সাংবাদিক ও আদিবাসী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। বক্তারা জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, এই রেললাইন চালু হলে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রাইমটিভি/এনজি