মোবাইল অ্যাপে প্রেম, চীন থেকে পিরোজপুরে ছুটে এলেন যুবক

ছবি: সংগৃহীত
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক গ্রামে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী চীনা যুবক লিয়ন। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় আপাতত বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে ঢাকায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এ পরিচয় হয় চীনা নাগরিক লিয়নের। পরে তাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায়। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক।
তুবা জানান, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে চলে আসবেন।
তিনি বলেন, “সে আমার কাছে ঠিকানা চেয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আসবে না। তাই ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সে সত্যিই চলে এসেছে।”
তথ্য অনুযায়ী, চলতি মাসের ৮ মে লিয়ন ঢাকায় আসেন। পরে বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়।
তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, “তিন-চার দিন ধরে ফোনে কথা হচ্ছিল। এরপর সে সরাসরি বাড়িতে চলে এসেছে। এখন তাকে আপ্যায়ন করে বিদায় দেওয়া হচ্ছে। সে ঢাকায় ফিরে যাবে, পরে চীনে চলে যাবে।”
স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। লেবুজিলবুনা গ্রামের বাসিন্দা বাবুল বলেন, “শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।”
আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, “মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে—এটা শুনে আমরাও দেখতে এসেছি।”
ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের বলেন, “আমার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছি। তার বয়স কম হওয়ায় এখন ফিরে যাচ্ছি। আমি তার জন্য অপেক্ষা করব। দুই বছর পরে আবার বাংলাদেশে আসব। যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে নিয়ে সংসার করব।”

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








