রাজধানীর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিশেষ করে সবজির বাজারে এখন স্বস্তির বালাই নেই। যে পেঁপে সাধারণত সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত, এখন সেই পেঁপেও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায়। রাজধানীর কাওরানবাজার শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, করলা, বরবটি ও কচুমুখীর মতো সবজির দাম এখন বেশ চড়া।

বাজারের চিত্র অনুযায়ী, বেগুনের কেজি ৭০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। ব্যবসায়ীদের মতে, টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে গেছে এবং গ্রীষ্মকালীন সবজির উৎপাদন সীমিত হওয়ায় এই মূল্যবৃদ্ধি।

সবজির পাশাপাশি পেঁয়াজ ও ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা বিরাজ করছে।দেশি পেঁয়াজের দাম কেজিতে টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে, সরকার নির্ধারিত দরে ভোজ্যতেল না পাওয়ার অভিযোগ সাধারণ ভোক্তাদের। সয়াবিন তেলের লিটার ১৮০ টাকা নির্ধারিত থাকলেও বাজারে তা ১৯২ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে পাম অয়েলের দামও নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। নিত্যপণ্যের এই আকাশচুম্বী দামের কারণে মধ্য ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বাজারের এই অস্থিতিশীলতা রোধে সরকারি তদারকি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

প্রাইমটিভি/বিএম