দেশে ব্রহ্মপুত্রসহ বন্যাপ্রবণ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে মঙ্গলবার (১৯ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে, তবে উজানে ভারতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

বার্তায় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানির স্তর বেড়েছে এবং এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে। পদ্মা নদীর পানির স্তর বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা বাড়তে পারে।

এছাড়া, পাউবো জানিয়েছে, আগামী দুই দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তৃতীয় দিনে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রাইমটিভি/এমএইচ