কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিচ্ছন্ন করা হবে: আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম । ছবিঃ সংগৃহীত
আসন্ন ঈদুল আজহায় কোরবানির আট ঘণ্টার মধ্যেই রাজধানী ঢাকা পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
বুধবার ( ২০ মে) সকালে পুরান এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএসের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আবদুস সালাম বলেন, কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।
এ জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আগেই প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করা যায়।
তিনি জানান, রাজধানীর প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম, চিকিৎসক ও পুলিশের টহল ব্যবস্থা থাকবে। এতে ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে হাটে আসতে পারবেন।
একইসঙ্গে পশুর হাটের বর্জ্যও হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে বলে জানান তিনি।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, এ বছর আগেভাগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। মশার লার্ভা জন্মাতে পারে এমন স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








