লীগ সেদিনই ব্যাগ করেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছে: মাহফুজ আলম

মাহফুজ আলম । ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?” শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, ডানপন্থার উত্থান, মব সংস্কৃতি, সাংস্কৃতিক রাজনীতি এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, লীগ সেদিনই ব্যাগ করেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগ কেবল রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি “ধর্মতত্ত্ব” হিসেবেও সমাজে ফিরে এসেছে। তিনি বলেন, নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি হয়েছে।
পোস্টে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করানো, ডানপন্থী শক্তির উত্থান, মব সংস্কৃতির বিস্তার, ভিন্নমতের ওপর হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নীরবতা আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করেছে।
এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকার রাজনৈতিক অবস্থান থেকে সরে গিয়ে আমলানির্ভর হয়ে পড়ে। একই সঙ্গে ‘কিচেন ক্যাবিনেট’, মিডিয়া নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক রিগ্রেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে একমুখী আদর্শিক প্রভাব প্রতিষ্ঠার অভিযোগও তোলেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, জুলাই আন্দোলনের পক্ষে থাকা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে উপেক্ষা করে “জিরো কন্ট্রিবিউশন” ব্যক্তিদের ক্ষমতায় আনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কারণ মিলিয়েই আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে।
ফেসবুক পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








