গোপালগঞ্জের চলমান কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর।

বৃহস্পতিবার জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর নির্মিতব্য সেতুর কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি বাবর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আমরা তিনজন এমপি কথা বলেছি। তিনি স্থানীয় সরকারমন্ত্রী ও সচিবকে গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানান, গোপালগঞ্জের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্পও গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রাইমটিভি/কেআর