৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের ফাঁসি দাবি : চমক

ছবি: সংগৃহীত- অভিনেত্রী চমক
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন শোবিজ তারকারাও। সামাজিক মাধ্যমে এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা।
এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। দেশে প্রচলিত ধর্ষণের বিচার ব্যবস্থার ও আইনের পরিবর্তনের দাবি জানিয়ে তিনি লেখেন, "ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে, মানুষ তো আইন নিজের হাতে তুলে নিবে।"
চমক অনতিবিলম্বে ধর্ষণের বিচার দাবি করে বলেন, সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ধর্ষকের ফাঁসি কার্যকর করা উচিত। অভিনেত্রীর এই পোস্টের নিচে সাধারণ নেটিজেনরাও সহমত পোষণ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের বিচার প্রকাশ্যে হওয়া উচিত এবং এ বিষয়ে সংসদে নতুন আইন পাস করা দরকার।
চমক ছাড়াও শোবিজের অনেক তারকা রামিসা হত্যার বিচার চেয়ে সরব হয়েছেন। অভিনেতা মিশু সাব্বিরসহ আরও অনেকেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং ধর্ষকের কঠোরতম শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








