গলাচিপায় প্রায় অর্ধ-কোটি টাকার চিংড়ি রেনু জব্দ!

ছবিঃপ্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের অভিযানে আনুমানিক ৫০ লক্ষ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত এই পোনার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। বুধবার সকালে পৃথক অভিযানে এসব পোনা ও একটি ট্রাক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক পৌনে এগারোটার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শান্তি পাল মিল সংলগ্ন রেনু পোনার গদিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।অভিযানের সময় পুলিশ সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ রেনু পোনা পাওয়া যায়।
একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করা হয়। গদি এবং ট্রাক মিলিয়ে সর্বমোট ৪০ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়েছে। মৎস্য বিভাগ ও স্থানীয়দের মতে, জব্দকৃত এই ৫০ লক্ষ রেনু পোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
জব্দকৃত পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে স্থানীয়দের উপস্থিতিতে ৪০ ড্রাম রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পলাতক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাইমটিভি/এমএইচ

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








