মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়–এর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ হাজি বাড়ির একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং মিরপুর এলাকার রিপনের ছেলে আজওয়াদ (২২)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মুন্সিগঞ্জ ইউনিটের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সিগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন।
তিনি জানান, বন্ধুর বাড়ির পুকুরে ছয় থেকে সাতজন শিক্ষার্থী গোসল করতে নামেন। এ সময় সোপান ও আজওয়াদ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে বন্ধু ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত সোপান ও আজওয়াদ দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








