রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্ক। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা পল্লবীর শিশুহত্যার বিচারসহ দেশের সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ধর্ষণবিরোধী আইন ও বিচারব্যবস্থাকে আরও কঠোর করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্কের সভাপতি ও জাতীয় নাগরিক পার্টি–এর নেত্রী মনিরা শারমিন। তিনি বলেন, “আমরা সবাই যদি এক ব্যানারে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতাম, তাহলে এই প্রতিবাদ আরও ফলপ্রসূ হতো। সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হতো।”

সমাবেশে সংহতি জানিয়ে ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ–এর প্রভাষক ফারজানা আহমেদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল, চরাঞ্চল ও গ্রামে অনেক ধর্ষণের ঘটনা সামনে আসে না। তিনি বলেন, “আইন থাকলেও তার বাস্তবায়ন দীর্ঘসূত্রতায় পড়ে যায়। এ অবস্থার পরিবর্তন জরুরি।”

এর আগে, পল্লবীতে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে ১৯ মে রাতে পল্লবী থানা–য় তিনজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

সমাবেশে অংশ নিয়ে নিহত শিশুর প্রতিবেশী রেহানা আক্তার রুমা বলেন, ঘটনার পর দুই দিন ওই পরিবারের পাশে থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, “আমি সরাসরি লাশ দেখেছি। এখনো চোখ বন্ধ করলে সেই দৃশ্য দেখতে পাই। কতটা বিকৃত মানসিকতার মানুষ হলে এভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারে, তা লাশ দেখলেই বোঝা যায়।”

অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, ভুক্তভোগীর পরিবর্তে দোষীদের ছবি বেশি প্রচার করা উচিত, যাতে সমাজ তাদের চিনতে পারে এবং প্রতিহত করতে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন তারেক রহমান আদেল, জসীম নায়েদ এবং নাদিয়া রহমান অন্বেষা প্রমুখ।

প্রাইমটিভি/কেআর