উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামের উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন সমন্বিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা।

আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৮২৩ ডলার।

এর আগে চলতি মাসের ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই হিসাবে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দশমিক ২৫৬ ডলার দাম কমল। এ মাসের শুরুতে জেট ফুয়েলের দাম বাড়ানো হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসের শেষভাগে এসে তা আবার কমানো হলো।

প্রাইমটিভি/কেআর