যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকার কাছে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ইজিবাইকে আঘাত করলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

অন্যদিকে কুষ্টিয়ার খোকসায় বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করে আনেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাইমটিভি/কেআর