পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত রাহাত প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত রাহাত প্রামাণিক উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের পীরু প্রামাণিকের ছেলে। তিনি জামায়াতের রোকন সদস্য তুষার হোসেনের শ্বশুর।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সবার অগোচরে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায়।

সেখানে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। শিশুটির মা ও স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে জানান, ঘটনার পর মেয়েকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্তের জামাতা জামায়াত নেতা তুষার হোসেন নানাভাবে বাধা সৃষ্টি করেন এবং পরিবারটিকে ভয়ভীতি দেখান। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কে দিন পার করছে। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এদিকে পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই তৎপরতা চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রাইমটিভি/এনজি