রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি ৬৬ হাজার ২৩০ টাকায় এক কাতারপ্রবাসী কিনে নেন।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

খলিল হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা নদীতে মাছ ধরতে যান। পরে তারা দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে কলাবাগান এলাকায় জাল ফেলেন। ভোরে জাল তুলতে গিয়ে দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। ওজন করার পর দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে ৬৬ হাজার ২৩০ টাকায় মাছটি এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এত বড় বাঘাইড় মাছ খুব কমই পাওয়া যায়। তাই তিনি বেশি দাম দিয়ে মাছটি কিনেছেন। পরে সেটি এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে। তিনি জানান, মাছটি সিলেটে পাঠানো হচ্ছে।

জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও কোনো মাছ পাননি। শেষবার জাল ফেলতেই এই মাছটি ধরা পড়ে। তিনি জানান, মাছটি বিক্রি করে এবার ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেন, মাছটি পেয়ে জেলে ভালো দাম পেয়েছেন।

 প্রাইমটিভি/এমএইচ