পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মানুষ বাড়ি ফিরছে, তবে আগের দিনের তুলনায় যমুনা সেতুতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১৭টি কম।

শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এদিকে, এই অংশ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন। এই সময়ে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

এর আগে শুক্রবার (২২ মে) ২এর আগে শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছিল ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হলো যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য বেশিরভাগ যানবাহন এই সেতু ব্যবহার করে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 প্রাইমটিভি/এমএইচ