রাজধানীর ভাষানটেক এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. হোসেন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, রবিবার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে শিশুটির বাবা থানায় মামলা করেন।

গ্রেফতার হওয়া হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় থাকতেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর মেয়ে দুই-তিন দিন ধরে যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্না করছিল। পরে শনিবার রাত ৮টার দিকে সে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ঘরের সামনে খেলছিল। তখন হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেন।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা করেন। এরপর রাতেই হোসেনকে গ্রেফতার করা হয়।

ভাষানটেক থানার ওসি আসলাম জানান, শনিবার রাতে ধর্ষণের মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রাইমটিভি/এমএইচ