ধর্ষণসহ সকল অপরাধের বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার ( ২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এ বিষয়ে দ্বিমতের সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য মাদ্রাসা, সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় সড়ক, রেল ও বিমানপথে সরকারের চলমান উন্নয়ন ও অগ্রগতি পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

প্রাইমটিভি/এনজি