ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, ইউএনওকে ১২ মেম্বারের চিঠি

চর কাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা । প্রাইম টিভি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সদস্যরা।
রবিবার (২৪ মে) ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী নিয়মিত সভা আয়োজন, সঠিক হিসাব সংরক্ষণ এবং জনস্বার্থে কার্যক্রম পরিচালনা বাধ্যতামূলক হলেও বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে নিয়মিত সভা আহ্বান করছেন না।
ইউপি সদস্যদের অভিযোগ, পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত উপেক্ষা করে এককভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় সরকার ব্যবস্থার নীতিমালার পরিপন্থী।
আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী সভা পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে চেয়ারম্যানের দায়িত্ব পালনে অনিয়মের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পরিষদের ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনপত্রে ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য স্বাক্ষর করেন। অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সচিবের কার্যালয়ে।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর হাওলাদার অভিযোগ করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তিনি বলেন, পরিষদের অভ্যন্তরে স্বচ্ছতার অভাব এবং সদস্যদের বাইরে গিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনাস্থা প্রস্তাব দিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও জানান, বিভিন্ন সময় তহবিল ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠলেও বারবার আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনাস্থা প্রস্তাবের পর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ইউপি সদস্যরা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








