কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

রোববার ভোরে শুরু হওয়া যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ স্থবিরতায় দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

যানজটে আটকে থাকা চালকেরা জানান, বালুয়াকান্দি ও জামালদি বাসস্ট্যান্ডের মতো এলাকায় গাড়ি দীর্ঘ সময় ধরে একদম স্থির ছিল। এতক্ষণ আটকে থাকায় চালকরা ক্লান্ত ও ঘুম চোখে বিপর্যস্ত সময় পার করছেন।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, এই গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রায়ই এমন যানজট হয়, যার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের তৎপরতা নিয়ে গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণেই এই দীর্ঘ যানজট শুরু হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল সচল করা সম্ভব হবে।

প্রাইমটিভি/এমএইচ