পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে আজ সোমবার রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। ১৫ মে যাঁরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন, আজ তাঁদের যাত্রার দিন হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়।

স্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীরা পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই দুটি আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট এবং রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ঢাকা ছেড়েছে।

রংপুরগামী যাত্রী বলেন, “প্রতি ঈদেই উত্তরবঙ্গের ট্রেন দেরি করে। এবারও একই ভোগান্তি পোহাতে হচ্ছে।”

তবে দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানান, আজ মোট ৬৭টি ট্রেন ঢাকা ছাড়বে। এর মধ্যে রয়েছে ৪৩টি আন্তনগর, ২৩টি কমিউটার ও একটি ঈদ স্পেশাল ট্রেন।

ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবার টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিটের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন ট্রেনে ৫১টি অতিরিক্ত বগি যুক্ত করেছে রেলওয়ে। এতে প্রতিদিন অতিরিক্ত প্রায় ৪০ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাচ্ছেন। বর্তমানে প্রতিদিন ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে রওনা দিচ্ছেন।

অন্যদিকে আজ থেকে আন্তনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি চালু হয়েছে। প্রথমবারের মতো ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেসে এ সেবা চালু করা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও বিশেষ বগি চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের সময় অতিরিক্ত যাত্রী ও আবহাওয়াজনিত কারণে কিছু ট্রেনের সময়সূচিতে বিলম্ব হচ্ছে। তবুও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/কেআর