৬ শিশুর মৃত্যুর বিষয়ে যে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন হাসপাতাল । সংগৃহীত
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজারে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত এবং দায়িত্বশীল অবস্থানে থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ২৬ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড ২ এ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকা অবস্থায় একাধিক নবজাতকের মায়েরা তা বন্ধ করার অনুরোধ জানান। পরবর্তীতে দায়িত্বরত নার্সরা এসি বন্ধ করেন।
পরে রাত আনুমানিক ৩টার দিকে আবারও এসি চালু করা হয়। রাত ৪টার দিকে এক নবজাতক শিশুর অস্বাভাবিক কান্না লক্ষ্য করা হলে দ্রুত তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতককেও দ্রুত এনআইসিইউতে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতক শিশুর মৃত্যু ঘটে।
ঘটনার সময় ওয়ার্ডটিতে সদ্য প্রসূতি মায়েরা শিশুদের নিয়ে অবস্থান করছিলেন এবং তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন বলে জানানো হয়েছে।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেন।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সরকারি বিভাগকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে। তদন্তে কারও গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








