লাশ নিয়ে ফেরার পথে দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স

ছবি- সংগৃহীত
ঢাকা থেকে স্বজনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি অ্যাম্বুলেন্স। মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের রেলিংয়ে ধাক্কা খায়। এতে একই পরিবারের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা মো. আবদুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পরে তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়াগামী অ্যাম্বুলেন্সটি বেজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটিতে চালকসহ মোট ১১ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), জেসমিন (৩০), জাহেদ (১৫) ও মনির (৫০)।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে আহত ৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অ্যাম্বুলেন্সে থাকা বাকি ৫ আরোহী অক্ষত রয়েছেন।
এদিকে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








