ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির গোস্ত কোথায় ভাগ করা হবে—এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির গোস্ত মসজিদ এলাকায় বসে ভাগ করা হবে নাকি বাড়িতে নিয়ে ভাগ করা হবে—এ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপক্ষে নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপরপক্ষে ছিলেন কামরুজ্জামান সম্রাট।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লা (৪০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “কোরবানির গোস্ত মসজিদে বসে ভাগ করা হবে নাকি বাড়িতে নেওয়া হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রাইমটিভি/কেআর