মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়।

তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাইমটিভি/কেআর