ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘার বাড়ি গোষ্ঠী ও শরিয়ত উল্লাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বাঘার বাড়ি গোষ্ঠীর মন মিয়ার দোকানের সামনে শরিয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কোরবানির পশুর চামড়া রাখেন। এ সময় দোকানের সামনে চামড়ার রক্ত ছড়িয়ে পড়লে বাঘার বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে রাত ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রাইমটিভি/কেআর